বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে একমাত্র নারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম। মঙ্গলবার (৭ এপ্রিল) এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান লক্ষ্য আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বোর্ডের নতুন নেতৃত্ব নিশ্চিত করা।
অন্তর্বর্তীকালীন সময়ে বিসিবির কার্যক্রম পরিচালনার গুরুদায়িত্ব পালন করবে এই অ্যাডহক কমিটি। ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং নীতিনির্ধারণে আইনি স্বচ্ছতা নিশ্চিত করতে রাশনা ইমামের অন্তর্ভুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পেশাগত জীবনে ব্যারিস্টার রাশনা ইমাম সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি দেশের স্বনামধন্য ল’ ফার্ম ‘আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর ম্যানেজিং পার্টনার হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আখতার ইমামের কন্যা রাশনা ইমাম যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ২০০২ সালে লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন।
আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। বিশ্বের শীর্ষস্থানীয় ল’ ফার্ম ‘বেকার অ্যান্ড মেকাঞ্জি’-এর লন্ডন অফিসে কোম্পানি ও বাণিজ্যিক আইন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া মিত্তাল গ্রুপ এবং শিন্ডলার ইলেকট্রিকসহ বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের আইনি প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার।
সামাজিক কর্মকাণ্ড ও জনস্বার্থ সংশ্লিষ্ট মামলায় অবদানের জন্য ২০১৮ সালে তিনি ‘এশিয়া ইয়াং লিডার’ হিসেবে মনোনীত হন। বর্তমানে দেশের বিভিন্ন বড় শিল্পগোষ্ঠী ও বহুজাতিক প্রতিষ্ঠানের আইনি পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।
ব্যক্তিগত জীবনে রাশনা ইমাম এনডিএম চেয়ারম্যান ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিসিবির নীতিনির্ধারণী পর্যায়ে তার অন্তর্ভুক্তি নারী ক্রিকেটের উন্নয়ন এবং বোর্ডের কাঠামোগত স্বচ্ছতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
